
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে (আরএমএএস) বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত অসামান্য সাফল্যের স্বাক্ষর রেখেছেন। এক বছর মেয়াদি কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে তিনি একযোগে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মান—“ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার” ও “ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড”—অর্জন করেছেন, যা বাংলাদেশের সামরিক ইতিহাসে এক অনন্য মাইলফলক।
১২ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত পাসিং-আউট প্যারেডে এই সম্মাননা প্রদান করেন Her Royal Highness Princess Anne। বিশ্বের ১৮টি দেশের ১৮৪ জন ক্যাডেটের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কোর্সে অফিসার ক্যাডেট রিফাত সকল বৈদেশিক ক্যাডেটের মধ্যে সেরা চৌকস ক্যাডেট হিসেবে “ইন্টারন্যাশনাল সোর্ড অব অনার” অর্জন করেন। একই সঙ্গে একাডেমিক ও সামরিক বিষয়ের সামগ্রিক মূল্যায়নে তিনি পুরো কোর্সে তৃতীয় স্থান অধিকার করেন এবং আন্তর্জাতিক ক্যাডেটদের মধ্যে প্রথম স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ পান “ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড”।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী ১৮৪ জন ক্যাডেটের মধ্যে ১৫৭ জন ছিলেন যুক্তরাজ্যের এবং ২৭ জন বিভিন্ন দেশের প্রতিনিধি। এই প্রতিযোগিতামূলক ও উচ্চমানের প্রশিক্ষণে বাংলাদেশের একজন অফিসার ক্যাডেটের এমন কৃতিত্ব আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা ও পেশাদারিত্বকে নতুন করে তুলে ধরেছে।
অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাত ২৫ নভেম্বর ২০২৪ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত যুক্তরাজ্যে রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে ক্যাডেট প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিনি ২০২২ সালে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরবর্তীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন। বিএমএ-তে তার অসামান্য মেধা, নেতৃত্বগুণ ও সামরিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এক বছর মেয়াদি কমিশনিং কোর্সে অংশগ্রহণের জন্য রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে প্রেরণ করা হয়।
এই সাফল্য শুধু অফিসার ক্যাডেট সাকিব আহসান রিফাতের ব্যক্তিগত অর্জন নয়; বরং এটি বাংলাদেশ সেনাবাহিনী ও সমগ্র জাতির জন্য গর্বের বিষয়, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও সুদৃঢ় করেছে।
Leave a Reply