
হাইতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত গ্যাং দমন বাহিনীতে (গ্যাং সাপ্রেশন ফোর্স—জিএসএফ) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্টের অগ্রবর্তী দলের ৫০ সদস্য হাইতির উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁরা হাইতির উদ্দেশে যাত্রা করেন। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অব্যাহত অবদান এবং বিশ্বশান্তির প্রতি অঙ্গীকারের অংশ হিসেবে এ মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
হাইতিতে যাওয়ার আগে বৃহস্পতিবার সকালে সেনাসদরে গমনকারী সেনাসদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান। এ সময় তিনি মিশন এলাকায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দায়িত্ব পালনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করে আসছে। হাইতিতে গ্যাং দমন বাহিনীতে অংশগ্রহণের এই উদ্যোগ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা আরও এগিয়ে নেওয়ার একটি পদক্ষেপ।
শান্তির প্রত্যয়, পেশাদারত্ব ও সাহসকে ধারণ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গৌরবময় প্রতিনিধিত্বে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী।
Leave a Reply