
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জানাজা, কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন
সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী। জানাজা শেষে তিনি মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিনি আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
জানাজায় আরও অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং হুইপ মিয়া নুরুদ্দীন আহমেদ অপু। এ ছাড়া জাতীয় সংসদের অন্যান্য সদস্যও জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, মো. আব্দুল হাই বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
Leave a Reply