
হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত গণঅভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ১,৫৮১ জন নিহত হন।
সাবেক এমপি মজিদ খান ২০০৮, ২০১৪, এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্তের জন্য রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
Leave a Reply