
ঢাকা, ০৩ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার): শ্রীলঙ্কায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বাংলাদেশ আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আজ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার থেকে বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে প্রায় ১০ টন মানবিক সহায়তার ত্রাণসামগ্রী শ্রীলঙ্কায় পাঠানো হয়।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল তাঁবু, শুকনো খাবার, মশারী, টর্চ লাইট, গামবুট, ভেস্ট, হ্যান্ড গ্লাভস, রেসকিউ হেলমেট এবং বিপুল পরিমাণ জরুরি ঔষধ—যেগুলো দুর্যোগকবলিত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিমানটি শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। পরবর্তীতে শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার আন্দালিব ইলিয়াস শ্রীলঙ্কা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানায়।
উল্লেখ্য, মানবিক সহায়তা প্রদানের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানটি ইতোমধ্যে নিরাপদে দেশে ফিরে এসেছে।
বাংলাদেশের এই উদ্যোগ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply