
সিলেট, ৩ ফেব্রুয়ারি ২০২৫ (সোমবার): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) “শয়তানের নিঃশ্বাস” (Devil’s Breath) মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। শাবিপ্রবি ছাত্রদল নেতা রাহাত জামানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“Devil’s Breath: অদৃশ্য এক ভয়ঙ্কর হুমকি” সম্প্রতি শাবিপ্রবির কয়েকজন শিক্ষার্থীসহ সিলেটের কিছু বাসিন্দার ওপর Devil’s Breath-এর (স্কোপোলামিন) প্রভাবের প্রমাণ পাওয়া গেছে। এই রাসায়নিক পদার্থ অপরাধীরা মানুষের ওপর প্রয়োগ করে তাঁদের অচেতন বা বশীভূত করে ফেলে, যার ফলে ভুক্তভোগীরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে মূল্যবান সম্পদ, ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এমনকি ব্যক্তিগত গোপনীয় বিষয় অপরাধীদের দিয়ে দিতে বাধ্য হন।
শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শাবিপ্রবি ছাত্রদল নেতা রাহাত জামান গোপনীয়তা বজায় রেখে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করেন।
লিফলেট বিতরণের মাধ্যমে Devil’s Breath-এর ভয়াবহতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, অপরিচিত কারও কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ করা এড়ানো, অপরিচিত স্থানে সাবধানে চলাফেরা করা এবং সন্দেহজনক পরিস্থিতি সম্পর্কে দ্রুত প্রশাসনকে অবহিত করা জরুরি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং ছাত্র সংগঠনগুলোর যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তা আবারও উঠে এসেছে।
Leave a Reply