
লৌহজংয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতা সম্মাননা লাভ করেছেন। লৌহজং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন, আলোচনা সভা, নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন ও শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা কর্মকার। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন,মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম ও নারী নেত্রী সালমা পারভেজ। লৌহজং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু জয়িতাদের শুভেচ্ছা জানিয়ে উপজেলা প্রসাশন কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ৫ ক্যাটাগরীর জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। সফল জননী মোছাঃ শামসুন্নাহার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তানিয়া আখতার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী এলিজা আক্তার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে মৌসুমী দাস ও সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকায় মিতা কর্মকার সম্মাননা লাভ করেন।
Leave a Reply