
ঢাকায় অবস্থিত রুশ হাউস তার ৫০তম বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ আহমেদ উপস্থিত ছিলেন।
রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন তাঁর বক্তব্যে বলেন, “১৯৭৪ সালে সোভিয়েত সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত রুশ হাউস দীর্ঘদিন ধরে বাংলাদেশে রুশ সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি আমাদের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার সেতুবন্ধ হিসেবে কাজ করছে। দশকের পর দশক ধরে এটি সাংস্কৃতিক কূটনীতির কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে, যা শিক্ষা, শিল্প ও সাহিত্যের মাধ্যমে আমাদের দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে।”
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এক বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন, যেখানে রুশ দূতাবাসের সাংস্কৃতিক দল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং নৃত্যগোষ্ঠী “হ্যাপিনেস” অংশগ্রহণ করে। শিল্পীরা রুশ ও বাংলা লোকসংগীত এবং নৃত্য পরিবেশন করেন, যা দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন তুলে ধরে।
৫০ বছরের এই দীর্ঘ যাত্রায় রুশ হাউস শিক্ষা, শিল্প ও সাহিত্য ক্ষেত্রে যে অবদান রেখে চলেছে, তা ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে বলে আশা করা যায়। দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত দেন অতিথিরা।
Leave a Reply