
অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সমর্থন মিলেছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সফররত মার্কিন প্রতিনিধিদল এই সমর্থন জানায়। একইসঙ্গে বৈঠকে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপসহকারী সচিব নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশনপ্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।
মার্কিন কর্মকর্তারা বাংলাদেশের উদারতার প্রশংসা করে বলেন, ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া একটি বিরল মানবিক উদাহরণ। তারা রোহিঙ্গা ইস্যুতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বেরও ভূয়সী প্রশংসা করেন। চুলিক বলেন, “রোহিঙ্গা সমস্যাকে আপনি শুধু একটি বিচ্ছিন্ন ইস্যু হিসেবে নয়, বরং মিয়ানমারের সামগ্রিক প্রেক্ষাপটে যে দৃষ্টিভঙ্গিতে দেখছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”
প্রধান উপদেষ্টা জানান, সম্প্রতি মিয়ানমার সরকার ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। এটি একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মন্তব্য করেন তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, আন্তঃসংযোগ ও মানুষে-মানুষে সম্পর্ক বৃদ্ধির প্রতি বাংলাদেশের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে সবদিক থেকেই ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি রোহিঙ্গাদের জন্য মার্কিন সহায়তা পুনরায় চালু করা এবং পাল্টা শুল্ক আরোপে ৯০ দিনের বিরতি দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “আমরা তার বাণিজ্যিক এজেন্ডাকে সমর্থন করতে আমাদের কাজ অব্যাহত রেখেছি।”
Leave a Reply