
মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সদের সমন্বয়ে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে পুলিশ বাহিনীর শৃঙ্খলা, দক্ষতা ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনা ও পর্যালোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়, যেখানে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্যারেড অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। এসময় প্যারেডের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, এবং সহকারী প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন আর.আই, মুন্সীগঞ্জ জেলা।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্সের ব্যারাক, ডাইনিং রুম, যানবাহন শাখা, অস্ত্রাগার ও অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন এবং এসব স্থাপনার অবস্থা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি শৃঙ্খলা বজায় রাখা, পোশাক বিধি (ড্রেসরুলস) মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসাধারণের সঙ্গে ভালো আচরণ সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন।
এছাড়া, জানুয়ারি ২০২৫ মাসে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা অফিসার ও ফোর্সদের পুরস্কৃত করেন পুলিশ সুপার। এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ কর্মপ্রেরণাকে আরও দৃঢ় করবে বলে আশা করা হয়।
পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ, অপরাধ প্রবণতা চিহ্নিতকরণ এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সভাগুলো মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা আরও উন্নত করতে ও পুলিশ বাহিনীর কার্যক্রমকে আরও দক্ষ ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply