
মালয়েশিয়ায় সফররত নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার এবং ২১তম মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেস (MIHAS) ২০২৫-এ অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দলকে সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।
প্রতিনিধি দলে ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB)-এর মহাপরিচালক-১ বেবী রাণী কর্মকার, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ রেহান উদ্দিন, বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাব্বির এ খানসহ চেম্বারের অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধি এবং হালাল শোকেসে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাইকমিশনের চ্যান্সারী ভবনে তাদের স্বাগত জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে মিশনের মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হাইকমিশনের কার্যক্রম নিয়ে উপস্থাপনা দেওয়া হয়।
স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার নির্বাচন কমিশনার ও প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের কার্যক্রম প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে নিরলসভাবে কাজ করছে।
নির্বাচন কমিশনার তাঁর সফরকে সমৃদ্ধ ও অর্থবহ করতে মিশনের উদ্যোগের প্রশংসা করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য সেবাপ্রদান কার্যক্রম দ্রুততর করার নির্দেশ দেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দলগত মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসময় হালাল শোকেসে অংশগ্রহণকারী প্রতিনিধি দল বাণিজ্য ও বিনিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে মিশনের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় শেষে অতিথিরা হাইকমিশনের নতুন ভবনের বিভিন্ন কক্ষ ও নির্মাণাধীন সেবাকেন্দ্র পরিদর্শন করেন। সবশেষে নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply