
২২ মে ২০২৫, কুয়ালালামপুর:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের একটি সরকারি প্রতিনিধি দল মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে সৌজন্য সফর করেন। হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রতিনিধি দলকে আন্তরিকভাবে স্বাগত জানান।
সফরকালে প্রতিনিধি দল হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে হাইকমিশনের চলমান কার্যক্রম ও বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গৃহীত নানা উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করা হয়। প্রতিনিধি দল তাদের মালয়েশিয়া সফরের অভিজ্ঞতা শেয়ার করেন এবং জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধিদল জানায়, সফরকালীন ৫ দিনে তারা বিভিন্ন আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারীদের সঙ্গে বৈঠক ও আলোচনা করেন এবং বাংলাদেশের জন্য পরিশোধিত জ্বালানি তেল ক্রয়ের বিষয়ে সম্ভাব্য উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন—বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মোঃ আমিন উল আহসান, জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল ও অপারেশনস) মনি লাল দাস, ডেপুটি ম্যানেজার (কমার্শিয়াল ও অপারেশনস) তানজিন হোসেন ও শ্যামল পল এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব (অপারেশন-১) মোঃ আব্দুল হালিম।
সফর শেষে দুই পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মারক উপহার বিনিময় হয় এবং প্রতিনিধি দলের সম্মানে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারের বিশেষ আয়োজন করা হয়।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন দুই পক্ষ।
Leave a Reply