
১৬ মে ২০২৫, মালয়েশিয়ার শাহ আলামে Universiti Teknologi MARA (UiTM)-এর College of Creative Arts-এর Creative Media & Technology Hub-এ অনুষ্ঠিত হলো ‘Malaysia International Art Exhibition’। প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাই কমিশনার এইচ.ই. মোঃ শামীম আহসান। অনুষ্ঠানের আয়োজনে ছিল Pink Jambu 2.0, National Sculpture Gallery (NSG), ও International Artists Group of Bangladesh, যেখানে সহযোগিতা করেছে UiTM।
প্রদর্শনীর প্রতিপাদ্য ছিল “বিশ্ব শান্তি ও বন্ধুত্ব: শিল্পের মাধ্যমে ঐক্যের উদযাপন”। এতে বাংলাদেশ, মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, তুরস্ক, কানাডা এবং অস্ট্রেলিয়ার তরুণ শিল্পীদের চিত্রকর্ম, ভাস্কর্য ও অন্যান্য শিল্পমাধ্যম স্থান পায়। বিশেষভাবে বাংলাদেশের ২৫ জন উদীয়মান শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীতে অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UiTM-এর Assistant Vice Chancellor (International) সহযোগী অধ্যাপক ডাটিন ড. নোরাজিদা মোহামেদ ও College of Creative Arts-এর অন্যান্য সদস্যবৃন্দ। বক্তব্যে হাই কমিশনার বলেন, “এই অনুষ্ঠান শুধুমাত্র একটি শিল্প প্রদর্শনী নয়, এটি সৃষ্টিশীলতা, আন্তঃসাংস্কৃতিক সংলাপ ও আন্তর্জাতিক বন্ধুত্বের এক তাৎপর্যপূর্ণ উদযাপন।” তিনি UiTM-কে এ ধরনের মহৎ ও আন্তর্জাতিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে হাই কমিশনারের সঙ্গে ছিলেন বাংলাদেশ হাই কমিশনের মিনিস্টার (পলিটিক্যাল) মোসাম্মাৎ শাহানারা মনিকা।
এই আন্তর্জাতিক প্রদর্শনী শিল্পের মাধ্যমে বিশ্ব শান্তি ও বন্ধুত্বকে এগিয়ে নিতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply