
অমর বীরত্বের এক দীপ্ত প্রতিচ্ছবি
আজ ১০ ডিসেম্বর, বাঙালি জাতির গৌরবের দিন—বীরশ্রেষ্ঠ শহীদ ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিনের ৫৪তম শাহাদাৎ বার্ষিকী। স্বাধীনতার ইতিহাসে যাঁরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে এক অমর অধ্যায় রচনা করেছেন, রুহুল আমিন তাঁদের অন্যতম। তাঁর বীরত্ব, আত্মদানের মানসিকতা এবং মাতৃভূমির প্রতি নিখাদ ভালোবাসা বাঙালির মুক্তিযুদ্ধকে আরও শক্তিশালী ও অনুপ্রাণিত করেছে। জাতি আজ গভীর শ্রদ্ধায় স্মরণ করছে এই অনন্য বীরকে।
১৯৩৫ সালের ৫ জুন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাগপাঁচড়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রুহুল আমিন। একটি সচ্ছল গৃহস্থ পরিবারে জন্ম নেওয়া রুহুল আমিন ছিলেন ৭ ভাইবোনের সবার বড়। গ্রামের বাগপাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবন শুরু হলেও পরবর্তী সময়ে সোনাইমুড়ী উচ্চবিদ্যালয় থেকে ১৯৪৯ সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক পাস করেন। সংসারে আর্থিক টানাপোড়েনে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় তিনি জীবিকার সন্ধান করতে থাকেন।
১৯৫০ সালের ২৬ ফেব্রুয়ারি রুহুল আমিন পাকিস্তান নৌবাহিনীতে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। প্রশিক্ষণ গ্রহণের পর তিনি পিএনএস বাবর, পিএনএস খাইবার এবং পিএনএস এমতুল্লী জাহাজে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুভেচ্ছা সফরেও যান।
১৯৭১ সালের মার্চের গণহত্যার পর তিনি চট্টগ্রাম নৌঘাঁটি ত্যাগ করে গ্রামে ফিরে আসেন এবং স্থানীয় যুবক-ছাত্রদের সামরিক প্রশিক্ষণ দিতে শুরু করেন। পরে তিনি ৩ নম্বর সেক্টরে যোগ দিয়ে মেজর কে এম সফিউল্লাহর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন।
বাংলাদেশ নৌবাহিনী গঠনের সময় তিনি ‘পলাশ’ গানবোটের আর্টিফিসার হিসেবে দায়িত্ব পান। মাত্র এক ঘণ্টায় চালনা বন্দরের মোহনায় চারটি মাইন স্থাপন করে তিনি অসাধারণ দক্ষতার পরিচয় দেন, যা পরবর্তীতে পাকিস্তানি জাহাজ ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
১৯৭১ সালের ১০ ডিসেম্বর মংলা বন্দর এলাকায় আক্রমণ চালানোর সময় পাকিস্তানি জঙ্গিবিমান হঠাৎ করে ‘পদ্মা’ ও ‘পলাশ’ গানবোটে বোমা বর্ষণ শুরু করে। পলাশের ইঞ্জিনরুমে আগুন ধরলে রুহুল আমিন এবং তাঁর সহযোদ্ধা মহিবুল্লাহ আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা করেন। ধীরে ধীরে গোলাবারুদ বিস্ফোরিত হতে থাকলে জীবন বাঁচাতে সবাই জাহাজ ত্যাগ করলেও রুহুল আমিন দায়িত্ব পালনে অবিচল থাকেন।
শেষ পর্যন্ত আগুনে দগ্ধ হয়ে নদীতে ঝাঁপ দিলে তীরে ওঠার পর রাজাকারদের গুলিতে তিনি শহীদ হন। পরবর্তীতে স্থানীয় জনগণ তাঁকে ভৈরব নদীর তীরে দাফন করেন।
দেশের স্বাধীনতার জন্য অসীম সাহস, আত্মত্যাগ ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সম্মানসূচক ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে। তাঁর সমাধি যদিও কালক্রমে নদীগর্ভে বিলীন হয়ে গেছে, কিন্তু তাঁর বীরত্বগাথা চিরকাল অমলিন।
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জীবন আমাদের শেখায়—দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও আত্মত্যাগই এক জাতিকে মহান করে তোলে। তাঁর বীরত্ব আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় অনুপ্রাণিত করবে। আজ তাঁর শাহাদৎ বার্ষিকীতে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে এক অকুতোভয় মুক্তিযোদ্ধাকে, যিনি নিজের জীবন দিয়ে স্বাধীনতার সূর্যকে ত্বরান্বিত করেছিলেন।
Leave a Reply