
বাঁশখালীতে ঐক্যবদ্ধ ছাত্রজনতা গন্ডামারা ইউনিয়ন নামে একটি সংগঠনের পক্ষ থেকে কয়লা বিদ্যুৎ প্রকল্প ও এসআলমসহ এলজিআরডির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলমের কাছে তার কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন ছাত্র নেতৃবৃন্দ। ছাত্র প্রতিনিধি জয়নাল আবেদীনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রনেতা শাহাদাত হোছাইন, মোহাম্মদ ফয়সাল, মুহাম্মদ জাকারিয়া, তাজুল ইসলাম, একরামুল হাসান, মুহাম্মদ বোরহান, মুহাম্মদ আরিফ হোছাইন,মুহাম্মদ তৌহিদ, শাহাদাত হোছাইন, মনির উল্লাহ, কামাল উদ্দীন প্রমুখ।
স্মারকলিপিতে এলাকার স্বার্থে ৬টি দাবি পেশ করা হয়। দাবিগুলো হচ্ছে, ১. গন্ডামারার ক্ষতিগ্রস্ত সড়ক অবিলম্বে পুনর্গঠন, অনতিবিলম্বে গন্ডামারা ইউনিয়নের সাথে বাঁশখালী প্রধান সড়কের সংযোগ সড়কসহ ক্ষতিগ্রস্থ অভ্যন্তরীণ সড়কগুলো পুনঃনির্মাণ ও সংস্কার করতে হবে।
২. স্থানীয়দের কর্মসংস্থান : এস এস পাওয়ার পাওয়ার প্ল্যান্টে স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতার নিরিখে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
৩. ড্রেন ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসন: এস এস পাওয়ার কর্তৃক ভরাটকৃত খালগুলো পুনরুদ্ধার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালু করতে হবে।
৪. পরিবেশ রক্ষায় টেকসই পরিকল্পনা : কার্বণ নিঃসরণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণোর জন্য টেকসই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে এবং দূষণে ক্ষতির পরিমাণ কমাতে ইউনিয়নে ব্যাপক পরিসরে সবুজায়নের জন্য প্লান্ট কর্তৃপক্ষকে বার্ষিক বাজেট ঘোষণা করে নিজ তত্বাবধানে সবুজায়ন নিশ্চিত করতে হবে।
৫. সুপেয় পানি ও বিদ্যুৎ : ওয়াসা স্থাপনের মাধ্যমে ইউনিয়নজুড়ে বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা করতে হবে এবং স্থানীয় ডিস্ট্রিবিউরদের সাথে সমন্বয় করে ইউনিয়নজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুতায়ন ও বিদ্যুৎবিলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে।
৬. জাহাজ নোঙর নিয়ন্ত্রণ : সাগরে এলোমেলো নোঙর বন্ধ করে স্থানীয় মৎস্যজীবিদের ক্ষতি রোধ করতে হবে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ছাত্রদের দাবির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
Leave a Reply