
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান সফরকালে দেশটির সেনাবাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থিত জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদার করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রশিক্ষণ বিনিময়, পেশাগত সহযোগিতা এবং সামরিক সম্পর্ক আরও গভীর করার গুরুত্বের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ভূমিকার কথা উল্লেখ করেন।
অন্যদিকে, পাকিস্তান পক্ষ বাংলাদেশ সঙ্গে দীর্ঘমেয়াদি ও দৃঢ় প্রতিরক্ষা সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তারা দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ বৈঠক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।
Leave a Reply