
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির ধারাবাহিকতায় নতুন করে যুক্ত হচ্ছে সুইডিশ কোম্পানি নিলোর্ন। কোম্পানিটির বাংলাদেশ শাখা নিলোর্ন বাংলাদেশ লিমিটেড নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে একটি নতুন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
এই লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের দ্বিতীয় দিনে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন নিলোর্ন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াচি।
এই বিনিয়োগ দেশের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, নিলোর্নের এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদন এবং রপ্তানি সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
আড়াইহাজারের এই অর্থনৈতিক অঞ্চলে এটি হতে যাচ্ছে আরও একটি উল্লেখযোগ্য বিদেশি বিনিয়োগ, যা সামগ্রিকভাবে দেশের শিল্পখাতকে আরও গতিশীল করে তুলবে।
Leave a Reply