
নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিতকরণ, শ্রম আইন সংস্কার এবং বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বৈধ অভিবাসনের প্রসার এবং অনিয়ম বন্ধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরা হয়।
বৈঠকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার বৈধ উপায়ে কর্মী বিদেশে পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে অবৈধ অভিবাসনের বিষয়ে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
তিনি জানান, বৈধ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সাংবাদিকদের নিয়ে শিগগিরই একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হবে।
মন্ত্রী আরও জানান, অবৈধ অভিবাসনসহ বিভিন্ন অপরাধ ও অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইতোমধ্যে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি এজেন্সির কার্যালয় সিলগালা করা হয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের রেমিট্যান্সের একটি উল্লেখযোগ্য অংশ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে আসে। আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর সরকারের লক্ষ্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বিপুলসংখ্যক কর্মী পাঠানো রিক্রুটিং এজেন্সিগুলোর লাইসেন্স প্রদান ও নিয়ন্ত্রণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান।
তিনি নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, বৈধ পথে বিদেশে যাওয়ার বিষয়ে উৎসাহ দেওয়া এবং উচ্চ ব্যয়ে বিদেশ যাওয়ার প্রবণতা কমাতে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশি কর্মীরা যাতে বৈধ উপায়ে ইউরোপে প্রবেশের সুযোগ পান, সে লক্ষ্যে ইইউ ‘ট্যালেন্ট পার্টনারশিপ’সহ বৈধ অভিবাসনের বিভিন্ন উদ্যোগে কাজ করবে। পাশাপাশি বাংলাদেশে ইউরোপিয়ান ট্রেনিং ফাউন্ডেশন আনার বিষয়ে সহযোগিতা এবং বিদেশফেরত কর্মীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে ইইউর অব্যাহত সহায়তার কথাও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের শ্রম আইন সংস্কারের বিষয়টিও গুরুত্ব পায়। মাইকেল মিলার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন বা সংগঠন করার স্বাধীনতা, ইপিজেড আইন ও সাধারণ শ্রম আইনের মধ্যে সামঞ্জস্য আনা এবং শিশুশ্রম নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া কারখানাগুলোতে নিয়মিত ও প্রাতিষ্ঠানিকভাবে শ্রম পরিদর্শন জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী জানান, রিক্রুটিং এজেন্সি বাছাই ও নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট মানদণ্ড রয়েছে। এজেন্সিগুলোর কার্যক্রম তদারকিতে একাধিক পরিদর্শক কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটি সরেজমিনে এজেন্সিগুলোর কার্যক্রম পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করবে।
তিনি ইতালির সঙ্গে চলমান বৈধ অভিবাসন কার্যক্রমের বিষয়টি তুলে ধরে বৈধ অভিবাসন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়নকে বিভিন্ন প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনের বিষয়ে তিনি জানান, বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেইজ (RAISE)’ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রথম সচিব লরা কার্টানিয়া ল্লাচ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, যুগ্মসচিব দেবজিৎ সিংহ, যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply