
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি এবং ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই ২০২৬) সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে গুলশানের বাসভবন থেকে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তাঁর পাশে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।
ক্যাম্পাসে পৌঁছে প্রধানমন্ত্রী শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ডিএমসি-ডে ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি ক্যাম্পাসে একটি স্মারক বৃক্ষরোপণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দেন।
অনুষ্ঠানে ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ ছাড়া ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের গৌরবময় ৮০ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন পর্যায়ের অতিথিরা অংশ নেন। পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply