
ঢাকা, ২০ মে ২০২৫:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার বিকেল ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক যৌথসভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়।
ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ৮ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচির বিবরণ:
১. ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে পালন করা হবে ৮ দিনব্যাপী কর্মসূচি।
২. শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ।
৩. জাতীয় ও অনলাইন গণমাধ্যমে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
৪. অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করা হবে।
৫. ২৯ মে, বিকেল ৩টায় রাজধানীর রমনাস্থ ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৩০ মে (মূল দিবসের কর্মসূচি):
ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১০টা ৩০ মিনিটে বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করবেন।
জিয়ারত শেষে ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
একই দিনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুঃস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
সারাদেশব্যাপী কর্মসূচি:
শহীদ জিয়ার শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সারাদেশের জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ইউনিট কার্যালয়গুলোতেও ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে।
পাশাপাশি স্থানীয়ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে।
বিএনপি মনে করে, শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই নন, বরং তিনি স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। তার শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করতে দলটি দেশব্যাপী প্রস্তুতি গ্রহণ করেছে।
Leave a Reply