
বাংলার ইতিহাসে খাজা ওয়াসিউদ্দিন এক অনন্য নাম। তিনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর একমাত্র বাঙালি জেনারেল, একজন দক্ষ কূটনীতিক এবং মাতৃভূমির প্রতি অবিচল দেশপ্রেমের অনন্য উদাহরণ। ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে তরুণ অফিসার হিসেবে যোগদান করে তিনি পাকিস্তান সেনাবাহিনীর উচ্চপদে আসীন হন, কিন্তু শেষ পর্যন্ত জন্মভূমির টানে বাংলাদেশেই ফিরে আসেন।
খাজা ওয়াসিউদ্দিন ১৯২০ সালের ২০ মার্চ ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা নবাব পরিবারের সদস্য ছিলেন এবং তার পিতা খাজা শাহাবুদ্দিন পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের গভর্নর ছিলেন। তার পরিবারের ঐতিহ্যবাহী শৃঙ্খলাবদ্ধ পরিবেশেই তিনি বড় হন।
তিনি ঢাকা মুসলিম হাইস্কুল ও সেন্ট গ্রেগরি হাইস্কুলে পড়াশোনা করেন এবং পরে মাত্র ১১ বছর বয়সে প্রিন্স অব ওয়েলস রয়্যাল ইন্ডিয়ান মিলিটারি কলেজে ভর্তি হন। এখান থেকে কৃতিত্বের সাথে স্নাতক সম্পন্ন করে তিনি ব্রিটিশ-ভারতীয় সেনাবাহিনীতে অফিসার পদে যোগদানের জন্য কিং কমিশনড অফিসারের পরীক্ষা দেন এবং দেরাদুনের ব্রিটিশ-ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণ শেষে তিনি রয়্যাল কোর অব আর্টিলারিতে যোগ দেন এবং উপমহাদেশের প্রথম মুসলিম অফিসার হিসেবে কমিশন লাভ করেন। তিনি ২৪তম মাউন্টেন রেজিমেন্টে যোগ দিয়ে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে কর্মরত ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টে জাপানিদের বিরুদ্ধে লড়াই করেন এবং একাধিকবার সাহসিকতার পরিচয় দেন। যুদ্ধের সময় তিনি নিজের ইউনিটের সদস্যদের নিয়ে সাঁতার কেটে সিটাং নদী পার হয়ে আত্মরক্ষা করেন, যা তার অসাধারণ নেতৃত্বগুণের প্রতিফলন।
পরবর্তী সময়ে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন এবং আইএসএসবি-তে (Inter Services Selection Board) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সেনাবাহিনীর দক্ষ অফিসার হিসেবে তিনি ব্রিটেনের কিম্বার্লি স্টাফ কলেজে প্রশিক্ষণ নেন এবং দেশে ফিরে এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর পাকিস্তান সেনাবাহিনীর ভেতরে ষড়যন্ত্র শুরু হয়। সে সময় খাজা ওয়াসিউদ্দিন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ জেনারেল। তবে তিনি বাঙালি হওয়ায় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল স্পষ্ট। তিনি নিয়মিতভাবে কর্নেল ওসমানীকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সরবরাহ করতেন। পাকিস্তানি সেনাবাহিনী এই সন্দেহে তাকে পদচ্যুত করার পরিকল্পনা করে এবং পরবর্তীতে তাকে পশ্চিম পাকিস্তানে অন্তরীণ রাখা হয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খাজা ওয়াসিউদ্দিন পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশি সেনা ও নাগরিকদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন এবং সফলভাবে তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করেন। ১৯৭৪ সালে তিনি নিজেও বাংলাদেশে ফিরে আসেন।
তিনি ১৯৮২ সালে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক অফিসারদের কল্যাণের জন্য Retired Armed Forces Officers Welfare Association (RAOWA) প্রতিষ্ঠা করেন। তিনি কুয়েত ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৭৭-১৯৮৬ পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
জেনারেল ওয়াসিউদ্দিন ছিলেন জেনারেল ওসমানী ট্রাস্টের চেয়ারম্যান এবং ঢাকা মহানগর সমিতির প্রধান পৃষ্ঠপোষক। তিনি সারাজীবন দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন।
১৯৯২ সালের ২২ সেপ্টেম্বর ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খাজা ওয়াসিউদ্দিন ছিলেন একজন দক্ষ সামরিক কর্মকর্তা, দেশপ্রেমিক ও কূটনীতিক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও পরবর্তী কূটনৈতিক প্রেক্ষাপটে তার অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে।
Leave a Reply