
দোহা, ২৩ এপ্রিল ২০২৫:
কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল-থানি আজ (বুধবার) দোহায় অনুষ্ঠিত আর্থনা সামিটের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে কাতার সশস্ত্র বাহিনীতে বিভিন্ন শাখার ৭২৫ জন সদস্যকে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় কাতারি নেতৃত্ব এবং তাঁর মহামহিম শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগতভাবে উপকৃত হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের সশস্ত্র বাহিনী গত তিন দশকের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে কাতার সশস্ত্র বাহিনীতে অবদান রাখবে।
তিনি আরও বলেন, এই অনন্য ব্যবস্থাটি দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার দ্বার খুলে দেবে এবং ভবিষ্যতে জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের ভিত্তি রচনা করবে।
Leave a Reply