
সাধারণ মানুষের প্রত্যাশিত পুলিশি সেবা দ্রুত নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজশাহীর পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণসভা ও অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেওয়া হয়। রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সভাগুলোতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
সকাল সাড়ে ৭টায় মাস্টার প্যারেড, সকাল সাড়ে ৯টায় মাসিক কল্যাণসভা এবং বেলা ১১টায় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণসভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এ সময় তিনি জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ মানুষকে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় এলাকায় চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন পুলিশ সুপার।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনাও দেন তিনি।
Leave a Reply