1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক-
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্য অর্জনে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানান তিনি।

রোববার (১১ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের অন্তরা হলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) উদ্যোগে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: উত্তরণের পথ—টেকসই প্রত্যাবাসন ও স্থায়ী আঞ্চলিক সমাধানের দিকে’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এফএসডিএসের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য চীন, আসিয়ান, জাতিসংঘ, জাপানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে একটি কৌশলগত আঞ্চলিক জোট ও সমন্বিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা ছাড়া এই দীর্ঘস্থায়ী সংকটের কার্যকর সমাধান কঠিন।

তিনি জানান, সম্প্রতি জাপান সরকারের মিয়ানমারবিষয়ক জাতীয় পুনর্মিলনসংক্রান্ত বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া বাংলাদেশ সফর করেছেন। সফরকালে প্রধানমন্ত্রী ও তাঁর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে জাপান সরকার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চলতি মাসের শেষ দিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান সফরে প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি নিয়ে আরও আলোচনা হবে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ সংকটের বাস্তবসম্মত সমাধান খোঁজা হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, সেখানে মিয়ানমারের আইনগত সরকারের পাশাপাশি আরাকান আর্মিরও উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ রয়েছে। এ বাস্তবতায় সংকট সমাধানে অনানুষ্ঠানিক যোগাযোগসহ বিভিন্ন কূটনৈতিক পথ কাজে লাগানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের মূল লক্ষ্য শান্তিপূর্ণ প্রত্যাবাসন। এ লক্ষ্য অর্জনে কূটনৈতিক সংলাপ অব্যাহত থাকবে এবং সমাধানের সম্ভাব্য পথগুলো খোলা রাখা হবে।

সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করেছে। চীন, জাপান, ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও প্রতিবেশী দেশগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত টেকসই প্রত্যাবাসনের পথ বের করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা বা দ্বিপক্ষীয় বিষয় নয়; এটি বাংলাদেশের জাতীয় স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভূরাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত।

তিনি বলেন, মিয়ানমারের পরিবর্তিত রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংকট ব্যবস্থাপনার প্রচলিত পদ্ধতি থেকে কৌশলগত কূটনীতির দিকে এগোতে হবে। একই সঙ্গে অস্থায়ী ত্রাণ সহায়তার পাশাপাশি টেকসই প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত জাতীয় কৌশল গ্রহণ জরুরি।

রোহিঙ্গাদের মানবিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সেমিনারে তিনটি বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ মিয়ানমার ও রাখাইনের পরিবর্তিত রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। অধ্যাপক শাহাব এনাম খান রাখাইনের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা ও প্রত্যাবাসনের সম্ভাবনা তুলে ধরেন। আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাফায়াত আহমদ রাখাইন সংকট মোকাবিলায় আঞ্চলিক কূটনীতি ও বাংলাদেশের কৌশলগত পদক্ষেপ নিয়ে প্রস্তাব উপস্থাপন করেন।

প্রবন্ধগুলোর ওপর আলোচনায় বক্তারা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বলতে শুধু তাদের শারীরিকভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়াকে বোঝায় না। প্রত্যাবাসন টেকসই করতে হলে ফেরত যাওয়া মানুষের নিরাপত্তা, নাগরিকত্বের অধিকার, বাসস্থান, জীবিকা এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে। এসব বিষয়ে অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হলেই প্রত্যাবাসন দীর্ঘমেয়াদি সমাধানের ভিত্তি পাবে।

সেমিনারে দেশি-বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, গবেষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park