
ভারতের নয়াদিল্লি ও কেরালা সফর শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, এই সফর আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে চিহ্নিত হয়েছে। সফর শেষে মালয়েশিয়ার গণমাধ্যমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম জানান, ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে মালয়েশিয়া গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর পক্ষে আরও ন্যায্য ও সমতাভিত্তিক বিশ্বব্যবস্থার দাবি জোরালোভাবে তুলে ধরেছে। একই সঙ্গে জনগণের অধিকার ও মর্যাদা, টেকসই উন্নয়ন এবং হালাল শিল্পের প্রসারেও দেশটির অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কেরালার সাকাফাতি সুন্নিয়্যা সেন্টার সফর মালয়েশিয়ার ইসলামী জ্ঞানচর্চা ও চিন্তাধারার ভূমিকাকে আরও শক্তিশালী করেছে। সেখানে আলেমদের সঙ্গে মূল্যবোধভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়, যাতে প্রযুক্তির অগ্রগতি নৈতিকতা, চিন্তার স্বাধীনতা ও মানবিক মূল্যবোধকে অক্ষুণ্ন রাখে।
আনোয়ার ইব্রাহিম নয়াদিল্লি ও কেরালায় আন্তরিক আতিথেয়তা এবং সার্বিক সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভারতে মালয়েশিয়া দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, প্রতিনিধিদলের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সফর সফল করতে নিরলস পরিশ্রম করা সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভারত সফর শেষ করে প্রধানমন্ত্রী জানান, তাঁর পরবর্তী গন্তব্য মালদ্বীপ, যেখানে তিনি মালয়েশিয়ার ‘মাদানি কূটনীতি’ মিশন অব্যাহত রাখবেন বলে জানান।
Leave a Reply