
রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন। নিহত শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান (ফিজিক্স) ডিসিপ্লিনের ২০২১ ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে সাজেক ভ্যালির পথে শিক্ষার্থীদের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাজেকের পাহাড়ি আঁকাবাঁকা পথে উঠার সময় হঠাৎ গাড়িটি স্লিপ করে যায়। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গাড়িটিতে মোট ১২ জন শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি ১১ জন গুরুতর আহত হলে সেনাবাহিনী দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
সাজেক এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। সেনা সদস্যদের সহায়তায় দ্রুত আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ে খবর পৌঁছালে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, তারা শিক্ষাসফরের (সেশনাল ট্যুর) অংশ হিসেবে সাজেকে গিয়েছিলেন। আনন্দভ্রমণেই এমন শোকাবহ ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি আঁকাবাঁকা পথে চালকের নিয়ন্ত্রণ হারানোয় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে তারা স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
Leave a Reply