
ঢাকা, ২০ মে: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্টিন রেনাতে হোহেইম। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশ্বাস দেন।
সাক্ষাতে হোহেইম নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং বলেন, “আপনি নরওয়েতে সুপরিচিত একজন ব্যক্তিত্ব। আমাদের প্রধানমন্ত্রী প্রায়ই আপনার প্রসঙ্গ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করেন। আপনাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।”
প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “নরওয়ে সবসময় বাংলাদেশের পাশে থেকেছে। আমাদের উন্নয়নের বিভিন্ন পর্যায়ে আপনাদের সহায়তা ছিল গুরুত্বপূর্ণ। এই বন্ধুত্ব আমাদের গর্ব।”
হোহেইম জানান, বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরের পথে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত থাকবে। “বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনেক, এবং আপনাদের দায়িত্ব অনেক বড়,” বলেন তিনি।
গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “বহু প্রাণহানির পাশাপাশি অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ববর্তী সরকার বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচারের সুযোগ করে দিয়েছে। ঋণগুলোকে উপহারের মতো ব্যবহার করা হয়েছে, যার ফলে বিশাল ঋণের বোঝা আমাদের কাঁধে পড়েছে।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা আবার ফিরছে। “সাম্প্রতিক বিডা সম্মেলনে নরওয়েসহ বিশ্বের শীর্ষ কোম্পানিগুলো বাস্তবতা দেখতে এসেছিল। এটা তাদের আগ্রহ ও বিশ্বাসের প্রতিফলন।”
রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ গুরুত্বারোপ করে ইউনূস বলেন, “তারা বাস্তব মানুষ, যাদের স্বপ্ন আছে। অনেকেই শিশু অবস্থায় এসেছে, এখন তারা কিশোর। প্রতিদিনই নতুন শিশুর জন্ম হচ্ছে। এই সংকট ভুলে গেলে চলবে না।”
হোহেইম এ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশ যেভাবে এই সংকট সামাল দিচ্ছে, তা প্রশংসনীয়। আমরা সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করতে আগ্রহী।”
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ মোশারফ হোসেন।
Leave a Reply