
জাতীয় ঐকমত্য কমিশনের আহ্বানে আয়োজিত সংলাপে অংশ নিয়েছে গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৫ সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংলাপ শুরু হয়।
প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশিদ নীলু, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু, এবং সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, ইমরাদ জুলকারনাইন, দীপক রায় ও তরিকুল সুজন।
বৈঠকের শুরুতেই কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, “পুঞ্জিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে।”
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সংলাপে বলেন, “অংশীজনদের ঐকমত্যের বিষয়গুলোই জুলাই সনদ হিসেবে গৃহীত হবে। দ্বিমত থাকা বিষয়ে জনগণের কাছে যেতে হবে। ঐকমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ।”
উল্লেখ্য, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়গুলোতে জনগণের পক্ষ থেকে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’, ‘জাতীয় মুক্তির সনদ’, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ এবং ‘জাতীয় ঐক্য’-এর প্রস্তাবনা হাজির করেছে গণসংহতি আন্দোলন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ইতিমধ্যেই পেশ করেছে দলটি।
আজকের সংলাপে সংস্কার ও নির্বাচনকে পরস্পরের মুখোমুখি না করে পরিপূরক হিসেবে বিবেচনা করে, নির্দিষ্ট সময়ের মধ্যে কীভাবে উভয় বিষয়কে গুরুত্বের সাথে সম্পন্ন করা যায় সে বিষয়ে গণসংহতি আন্দোলনের সুস্পষ্ট প্রস্তাবনা ও সংস্কার সংক্রান্ত অন্যান্য আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply