
কাতারের দোহায় আয়োজিত আর্থনা সামিটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্পেসএক্স-এর গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে স্পেসএক্স স্যাটেলাইট সেবা বাংলাদেশের জন্য চালু করার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
দুই দশক ধরে এলন মাস্কের সঙ্গে কাজ করে আসা লরেন ড্রেয়ার জানান, “আমরা এখন একেবারে শেষ ধাপে। আমি আমার টিমকে বলেছি যেন মে মাসের মধ্যেই টেকনিক্যাল লঞ্চের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে।”
প্রধান উপদেষ্টা ইউনূস এই উন্নয়নকে বাংলাদেশের জন্য “বড় খবর” হিসেবে অভিহিত করে বলেন, “দেশজুড়ে মানুষ দিন গুনছে। সময় এলে, এটি একটি বিশাল উদযাপন হতে হবে।”
প্রথমে একটি প্রযুক্তিগত (টেকনিক্যাল) রোলআউট দিয়ে এই সেবা চালু হবে, যার পরপরই চূড়ান্ত লঞ্চ সম্পন্ন হবে— এমনটাই জানানো হয়েছে। এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করার কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্পেসএক্স-এর কার্যক্রমে ডিজিটাল লেনদেন সহজ করতে এলন মাস্ক প্রতিষ্ঠিত পেপ্যাল-এর সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
লরেন ড্রেয়ার বলেন, “এই উদ্যোগটি শুরু থেকেই সবচেয়ে সুসংগঠিত ও কার্যকর প্রকল্পগুলোর একটি।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ।
এই ঐতিহাসিক উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তি খাতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply