
রোহিঙ্গা সংকট সমাধানের পথে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটেছে। মিয়ানমার সরকার বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একটি তালিকা থেকে ১ লাখ ৮০ হাজার জনকে নিজ দেশে ফেরত নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় ধাপে প্রায় ৮ লাখ রোহিঙ্গার একটি তালিকা মিয়ানমারকে হস্তান্তর করে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ BIMSTEC শীর্ষ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান শিউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে এ তথ্য জানান।
বৈঠকে জানানো হয়, আরও ৭০ হাজার রোহিঙ্গার নাম ও ছবির যাচাই-বাছাই চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তাদের তালিকাও চূড়ান্ত করা হবে।
উ থান শিউ নিশ্চিত করেন, অবশিষ্ট প্রায় ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। এটি রোহিঙ্গা সংকট সমাধানে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বৈঠকে ড. খলিলুর রহমান মিয়ানমারে সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান এবং বাংলাদেশের পক্ষ থেকে আরও মানবিক সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন।
দীর্ঘদিনের রাজনৈতিক, মানবিক ও কূটনৈতিক প্রচেষ্টার পর এই চূড়ান্ত তালিকা প্রকাশ দুই দেশের মধ্যে রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply