
রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভানেত্রী রিতা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল (রোববার) সন্ধ্যার পর উত্তরা ৭ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রিতা খানের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই তদন্ত চলছিল। তিনি বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা দায়ের করা হয়েছিল।
উত্তরা পশ্চিম থানার ওসি জানিয়েছেন, গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলাগুলোর তদন্তের জন্য আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় যুব মহিলা লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply