
নাটোরের সিংড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে গোলাম রাব্বানী রনি (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়া পৌর এলাকার শোলাকুড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আসমাউল হক জানান, গোলাম রাব্বানীর বিরুদ্ধে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে। গত বছরের ৫ সেপ্টেম্বর তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব বাদী হয়ে এ মামলা দায়ের করেন, যেখানে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ জনকে আসামি করা হয়।
গ্রেপ্তারের পর গোলাম রাব্বানীকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হয়েছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে এ ধরনের গ্রেপ্তার অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply