
দেশব্যাপী আলোচিত বেশ কিছু অভিযোগের ভিত্তিতে পুলিশের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে খুন-গুম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনৈতিকভাবে শক্তি প্রয়োগসহ নানা অভিযোগ ওঠে। আটক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার ও বর্তমানে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আবুল হাসনাত এবং আরও একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে দায়িত্বে থাকা অবস্থায় খুন, গুম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনৈতিকভাবে শক্তি প্রয়োগের একাধিক অভিযোগ রয়েছে।
আটক হওয়া আরেক কর্মকর্তা নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা এবং নোয়াখালী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে তিনি ব্যাপক সমালোচিত হন।
বিসিএস ২৭ ব্যাচের পুলিশ সুপার আবুল হাসনাতও আটক হয়েছেন। তিনি বাগেরহাট জেলার পুলিশ সুপার ছিলেন। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে রাজনৈতিক বক্তব্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কঠোর অবস্থানের কারণে তিনি বিতর্কিত হন।
দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলপ্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছিল। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শেষে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
এই ঘটনায় পুলিশের উচ্চপর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তারগুলো করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply