
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার পদোন্নতি জনিত বদলি উপলক্ষে এক বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি ও সদ্য নিয়োগ প্রাপ্ত কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবু সালেকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম, পল্লীবিদ্যুতের ডিজিএম রিশু কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন নন্দী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়ার মোহাম্মদ, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার, বন বিভাগের ইকোপার্কের রেঞ্জ অফিসার আনিসুজ্জামান শেখ, উপ সহকারী প্রকৌশলী লিপটন ওম, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মুহাম্মদ শফিউল্লাহ, মাস্টার জসিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার (২৫ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে বাঁশখালীর ইউএনও জেসমিন আক্তারকে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে এই পদায়ন করা হয়।
গত বছরের ১০ আগস্ট বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে জেসমিন আক্তার বাঁশখালীতে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা এবং আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক ইমনের সহধর্মিণী।
সততা নিষ্ঠা ন্যায় নীতি ও ইনসাফের মাধ্যমে বাঁশখালীতে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে চেষ্টা করেছিলেন ইউএনও জেসমিন আক্তার। একজন সৎ কর্মবীর কর্মকর্তা হিসেবে অল্প সময়েই বাঁশখালীবাসীর মন জয় করেন তিনি। বদলির প্রাক্কালে ইউএনও জেসমিন আক্তার বাঁশখালীবাসীর দোয়া কামনা করেন।
Leave a Reply