প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৬, ৪:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ণ
৫০ কেজি ওজনের ভারতীয় ১৮৮ চিনিরবস্তা-সহ দুই জন আটক
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এসময় ইয়াসিন আলী (২৫) ও রিফাত হাসান দিপু (২২) নামের দুজনকে আটক করা হয়।
আজ মঙ্গলবার ২১ জানুয়ারি ২০২৫ইং, জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। গতকাল সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কলারগাও যাত্রীছাউনি এলাকা থেকে একটি মালবাহী ট্রাকের ভেতর থেকে এসব চিনি জব্দ করা হয়।
অভিযানে থাকা এসআই মাহমুদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সিলেট থেকে আগত একটি ট্রাক তল্লাশি করি। ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ১৮৮ বস্তায় ৯ হাজার ৪শ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এসময় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। তিনি বলেন, চিনি পাচারকারী ওই চক্র সিলেট জেলার জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে কুমিল্লা নিয়ে যাচ্ছিল। তারা পুলিশের চোখ ফাঁকি দেওয়ার জন্য চিনির উপর পাথর সাজিয়ে চিনি পাচারের চেষ্টা করছিল।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুজন সিলেটের জৈন্তাপুর থানা এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি)/ডি ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
সর্বস্বত্ব সংরক্ষিত নিউজ বায়ান্ন ২৪ ২০২১-২০২৫