প্রায় ১৫ বছর পর আবারও বৈঠকে বসেছে বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রতিনিধি দল। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে আলোচনায় উঠে এসেছে বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি ও খেলাধুলাসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়।
বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আকাশপথে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপন ও সম্প্রসারণের ওপর, যা দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকের অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথেও। সেখানে আঞ্চলিক স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নয়নের বিষয়েও আলোচনা হবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘ সময় পর এমন উচ্চ পর্যায়ের বৈঠক দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি করছে।