সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানায়, শনিবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় আনুমানিক দুপুর ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী কাদুগলি লজিস্টিক বেস লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায়। আকস্মিক এই হামলায় দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা হতাহত হন।
হামলায় শহীদ হওয়া শান্তিরক্ষীরা হলেন— কর্পোরাল মোঃ মাসুদ রানা (এএসসি, নাটোর), সৈনিক মোঃ মমিনুল ইসলাম (বীর, কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (বীর, রাজবাড়ী), সৈনিক শান্ত মন্ডল (বীর, কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (পিএসসি, অর্ডন্যান্স, কুষ্টিয়া), সার্জেন্ট মোঃ মোস্তাকিম হোসেন (বীর, দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (সিগনালস, ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (ইএমই, বরগুনা), সৈনিক মোঃ মেজবাউল কবির (বীর, কুড়িগ্রাম), সৈনিক মোসাঃ উম্মে হানি আক্তার (ইঞ্জিনিয়ার্স, রংপুর), সৈনিক চুমকি আক্তার (অর্ডন্যান্স, মানিকগঞ্জ) এবং সৈনিক মোঃ মানাজির আহসান (বীর, নোয়াখালী)।
আহত ৮ জন শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মোঃ মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। অপর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
এই নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এক বিবৃতিতে বলা হয়, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল ও গৌরবময় নিদর্শন হয়ে থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।