সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন জানিয়েছেন, সৈয়দা মোনালিসার বিরুদ্ধে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যার অভিযোগে তিনটি মামলা রয়েছে।
গত বছরের ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ডিসেম্বরে ফরহাদ হোসেনের বড় বোন শামীম আরা হীরা ও তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ২০১৪ সালে মেহেরপুর-১ আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। ২০১৮ সালে দ্বিতীয়বার বিজয়ী হওয়ার পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়ে তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হন।
সৈয়দা মোনালিসার গ্রেপ্তারের পর আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত অব্যাহত রেখেছে।