গাইবান্ধার সাঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) সরকারি চাল চুরির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও ডিলার মোহাম্মদ আফজাল হোসেনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার বোনারপাড়া কলেজ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৭ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে, যা খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণের কথা ছিল।
আটক আফজাল হোসেন (৫৫) সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি এবং স্থানীয় ডিলার হিসেবে দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রি করে আসছিলেন।
স্থানীয়রা জানান, সন্দেহজনকভাবে সরকারি চাল পরিবহনের সময় তাকে ধরে ফেলা হয় এবং চালের উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। এরপর বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "আটক আফজাল হোসেনের বিরুদ্ধে সরকারি মালামাল আত্মসাতের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।