মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সাবেক শিক্ষক এম.এ বাক্কার (৫৫) নিহত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত শেখ তোফায়েল আহমেদ জামাল (৫৫)কে দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত এম.এ বাক্কার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া গ্রামের বাসিন্দা এবং ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী বাংলা শিক্ষক ছিলেন। তিনি মৃত দরুদ আলীর পুত্র।
জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে গত ২ মার্চ লৌহজং থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি শেখ তোফায়েল আহমেদ জামাল, পিতা মৃত সিদ্দিকুর রহমান। তিনি দেশত্যাগের চেষ্টা করলে ২৭ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে ২৮ মার্চ লৌহজং থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনর রশীদ। তিনি জানান, ঘটনার পর থেকে আসামিকে নজরদারিতে রাখা হয়েছিল এবং অবশেষে সফলভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এলাকায় শিক্ষক হত্যার ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। নিহত এম.এ বাক্কারের পরিবারের সদস্যরা ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে চার্জশিট দাখিলের প্রস্তুতি চলছে।