"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে রোববার (৩ মার্চ) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. নেছার উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম। আলোচনা সভা সঞ্চালনা করেন সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েল।
এ সময় বক্তব্য রাখেন সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ সহিদুর রহমান শিকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, লৌহজং প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান ও ছাত্র প্রতিনিধি মারুফ শিকদার।
বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতন্ত্রের ভিত্তি হলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, আর এর জন্য সচেতন ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তারা নতুন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে নিবন্ধন করে গণতান্ত্রিক অধিকার চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।