অবৈধ বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়তে হয় নদীর তীরবর্তী এলাকার মানুষদের। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত রয়েছে শক্তিশালী চক্র। এ কারণে প্রকাশ্যে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না স্থানীয়রা।
নদী তীরবর্তী এলাকার জসসাধারণ জানান, অবৈধ বালু উত্তোলনে বর্ষা মৌসুমে নদীভাঙনের হুমকির মুখে পড়েন নদীতীরের মানুষ। ব্রহ্মপুত্র নদ, সোনাভরি, হলহলি, জিঞ্জিরাম নদী থেকে প্রতিদিন ভেকু ও ড্রেজারে উত্তোলিত বালু ১০০-১৫০শ ট্রাক্টরে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
ভেকুর মালিক আবদুল আজিজ, হারুন, চালক শাহিন, ফকির চানসহ অনেকেই বলেন, রৌমারীতে ৮০ থেকে ৯০টি ট্রাক্টর (কাঁকড়া) গাড়ি চলছে। এসব গাড়ি উপজেলার বিভিন্ন স্থানে বালুসহ মালামাল নেয়া হয়।
বন্দবেড় ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের জানান, বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে বালুর প্রয়োজন। কিন্তু এমন নয় অবৈধভাবে বালু উত্তোলন করে ক্ষতির সম্মুখীন হতে হয়। বালু উত্তোলনের কারণে বর্ষার সময় নদীভাঙনের হুমকির মুখে পড়ে নদী তীরবর্তী এলাকার মানুষ।
ভেকু মালিক ও চালক রহম আলী, জাইদুল ইসলাম, শাহজাহানসহ অনেকেই বলেন, ট্রাক্টর সমিতির সভাপতি সম্পাদকের মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে কথা বলে বালু উত্তোলন করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জানতে পেরেছি। এক সপ্তাহের মধ্যে বন্ধের ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ জানান, অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে জানতে পেরেছি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।