যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়। পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
পতাকা উত্তোলন শেষে হাইকমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট অভ্যুত্থানের বীর শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এ সময় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রবাসী শিক্ষার্থী ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
আলোচনা সভায় হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট অভ্যুত্থানের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বীর যোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, বিজয় দিবস আমাদের সংগ্রাম, আত্মত্যাগ ও স্বাধীনতার মর্যাদার এক উজ্জ্বল প্রতীক।
হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং জাতির বিভিন্ন সংকটময় মুহূর্তে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি ’৭১ ও ’২৪–এর শহিদ ও বীর যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের মাধ্যমে অংশগ্রহণের জন্য মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে দ্রুত নিবন্ধন কার্যক্রমে সহায়তার জন্য প্রবাসীদের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি অনুরোধ জানান।
সবশেষে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।