দৈনিক সমতট ও আজকের বাংলাদেশ নামের দুটি অনলাইন পোর্টালে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। গতকাল মঙ্গলবার দুপুরে লৌহজং উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত দৌলত খান কমপ্লেক্সে শুভরিয়া গ্রামের রবি বিশ্বাসের পরিবার লৌহজং প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। ভুক্তভোগী রনি বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, অনলাইন পোর্টাল দুটিতে আমার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়েছে- যা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। যে বিষয় নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে তার সাথে আমার সম্পৃক্ততা নেই। আমি সরকারের কাছে এসব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করার অনুরোধ করছি। কারণ, এসব নিবন্ধনহীন পোর্টালের জবাবদিহিতা নেই। এর ফলে প্রভাবিত হয়ে তারা যে কারো নামে নিউজ করে, সাধারণ মানুষ হয়রানির শিকার হন। রনি বিশ্বাস এ সময় লৌহজং প্রেসক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে রনি বিশ্বাসের বাবা রবি বিশ্বাস ও মা আলো রানী বিশ্বাস, শুভরিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের পঞ্চায়েত প্রধান রঞ্জিত সরকার ও প্রতিবেশী আজাহার ইসলাম উপস্থিত ছিলেন। রবি বিশ্বাস ও আলো রানী বিশ্বাস তাঁদের ছেলে রনি বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের নিন্দা জানান।
পঞ্চায়েত প্রধান রঞ্জিত সরকার বলেন, রনি বিশ্বাস ছোটবেলা থেকেই ভালো ছেলে। ওর বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে সেটা মিথ্যা ও মনগড়া।