১৯ এপ্রিল ২০২৫, শনিবার — মালয়েশিয়ার পেরাক প্রদেশের সিটিয়াোয়ানে অবস্থিত সুপরিচিত গ্লাভস প্রস্তুতকারক প্রতিষ্ঠান YTY আচেহ্ কোম্পানি পরিদর্শন করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এই কোম্পানিতে বর্তমানে প্রায় ৬০০ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন।
হাইকমিশনারকে YTY গ্রুপের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট তুয়ান সৈয়দ আলি আল জেফরি, সৈয়দ জান আল-জেফরি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা আন্তরিকভাবে স্বাগত জানান।
সফরকালে হাইকমিশনার কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ ও কল্যাণ বিষয়ে আলোচনা করেন। কোম্পানির পক্ষ থেকে বিদেশি কর্মীদের জন্য প্রণীত নীতিমালা ও শ্রমিক কল্যাণ সংক্রান্ত ব্যবস্থা তুলে ধরা হয়, যা আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) প্রদত্ত মানদণ্ড অনুযায়ী গৃহীত।
YTY-এর কর্মকর্তারা বাংলাদেশি কর্মীদের পরিশ্রম, নিষ্ঠা এবং বিশ্বস্ততার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার কোম্পানির শ্রমিকদের হোস্টেল ও অন্যান্য সুযোগ-সুবিধা ঘুরে দেখেন এবং কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে কোম্পানির উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “YTY কোম্পানি যে আন্তরিকতা ও যত্ন নিয়ে বাংলাদেশি শ্রমিকদের পাশে রয়েছে, তা প্রশংসার দাবিদার।”
বাংলাদেশি কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার তাদের পেশাগত সততা বজায় রাখা, স্থানীয় আইন ও বিধি মেনে চলা এবং বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর পরামর্শ দেন।
সফরের অংশ হিসেবে হাইকমিশনের একটি দল পাসপোর্ট এনরোলমেন্ট সেবা প্রদান করেন এবং YTY কোম্পানির সহায়তায় প্রায় ২০০ বাংলাদেশি শ্রমিক এই সেবা গ্রহণ করেন।
হাইকমিশনারের সঙ্গে সফরসঙ্গী ছিলেন মোসাম্মত শাহানারা মনিকা, মন্ত্রী (রাজনৈতিক), মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) এবং হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা।
হাইকমিশনার মোঃ শামীম আহসান YTY ম্যানেজমেন্টকে বাংলাদেশি শ্রমিকদের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দেন।