থাইল্যান্ডের সমাজ উন্নয়ন ও মানব নিরাপত্তা বিষয়ক মন্ত্রী (MSDHS) বরাওত সিলপা-আর্চা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই বৃহস্পতিবার ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে সামাজিক ও মানবিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বরাওত সিলপা-আর্চা থাইল্যান্ডের সামাজিক উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন এবং বিমসটেক দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে, মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই আঞ্চলিক সংহতি ও যুব উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এবং সামাজিক কল্যাণ, দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার সংরক্ষণে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, "বিমসটেক দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হলে সামাজিক উন্নয়ন ও মানব নিরাপত্তার মতো বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিতে হবে।"
বৈঠক শেষে দুই পক্ষই ভবিষ্যতে সহযোগিতার নতুন সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিমসটেক সম্মেলনের এই সাইডলাইনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকটি আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।