বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটনে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান এবং সদস্যরা আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন হস্তান্তর করেন।
কমিশনে আরও ছিলেন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), যুগ্মসচিব (অব.) মুন্সী আলাউদ্দিন আল আজাদ, ডিআইজি (অব.) ড. এম. আকবর আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।
প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন:
“বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনারা সত্য উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতি তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এই প্রতিবেদন ইতিহাসের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, এই প্রতিবেদনের মধ্য দিয়ে জাতির বহু প্রশ্নের উত্তর মিলবে এবং ভবিষ্যতের জন্যও এতে রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা।
কমিশন প্রধান ফজলুর রহমান জানান, তদন্তকে নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। তিনি বলেন:
তিনি বলেন, “বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে—কেন সেনাবাহিনী হস্তক্ষেপ করেনি, কার ভূমিকা কী ছিল—সবকিছু পর্যালোচনা করা হয়েছে।”
কমিশনের সদস্য মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার (অব.) তদন্তের মূল ফাইন্ডিংস তুলে ধরেন। তিনি বলেন:
তিনি আরও বলেন, যেসব বিডিআর সদস্যরা তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে যমুনায় বৈঠক করেছিলেন, তাদের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি—যা তদন্তে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে।
কমিশন তাদের প্রতিবেদনে বাহিনীর অভ্যন্তরীণ কাঠামোগত ত্রুটি নিরসন, কমান্ড চেইন শক্তিশালীকরণ এবং সংস্থাগুলোর সমন্বয় উন্নত করার সুপারিশ করেছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি এড়ানো যায়।
একই সঙ্গে বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম ও তাদের পরিবারের পূর্ণ ন্যায়বিচার নিশ্চিতে সুপারিশ দেয়া হয়েছে।
প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।