বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং থাইল্যান্ডের ন্যাশনাল অ্যান্টি-করাপশন কমিশন (NACC) শুক্রবার দুর্নীতির প্রতিরোধ ও দমন বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
বাংলাদেশের পক্ষে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এবং থাইল্যান্ডের পক্ষে NACC-এর প্রেসিডেন্ট সুচার্ট ট্রাকুলকাসেমসুক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে এই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্র সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
দুদক চেয়ারম্যান ড. আব্দুল মোমেন আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও থাইল্যান্ডকে দুর্নীতিবিরোধী লড়াইয়ে আরও কার্যকরভাবে সহায়তা করবে।
তিনি বলেন, “বাংলাদেশের অনেক দুর্নীতিপরাধী প্রতিবেশী কিছু দেশে আশ্রয় নিয়েছে। আমরা বিশ্বাস করি, এই সমঝোতা স্মারকের মাধ্যমে তাদের শনাক্ত করা এবং আইনের আওতায় আনা সহজ হবে।”
সমঝোতা স্মারকটি জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের ৪৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত হয়, যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে সরাসরি সহযোগিতার জন্য দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তি করার আহ্বান জানানো হয়েছে।
এই সমঝোতা অনুযায়ী, বাংলাদেশ ও থাইল্যান্ড দুর্নীতির প্রতিরোধে প্রাসঙ্গিক প্রাথমিক তথ্য আদান-প্রদান, তথ্য সংগ্রহে সর্বোত্তম পদ্ধতি ভাগাভাগি, যৌথ প্রকল্প গ্রহণ, গবেষণা শেয়ার এবং অন্যান্য যৌথ কার্যক্রম পরিচালনা করবে বলে উল্লেখ করা হয়েছে।