বাংলাদেশের সম্ভাবনা বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ পুনরুদ্ধারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)-এর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার ঢাকার তেজগাঁওয়ে নিজের কার্যালয়ে এসসিবির গ্রুপ চিফ এক্সিকিউটিভ বিল উইন্টার্স এর সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, "বাংলাদেশ সম্প্রতি একটি বিশাল অপপ্রচারের শিকার হয়েছে। এর বিরুদ্ধে লড়তে আমাদের সহযোগিতা দরকার। আপনার কণ্ঠস্বর আমাদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"
বৈঠকে বিল উইন্টার্স প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং চলমান অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি সমর্থন জানান।
প্রধান উপদেষ্টা জানান, ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠদের মাধ্যমে বিদেশে পাচার হওয়া দশ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পুনরুদ্ধারে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতা প্রত্যাশা করেন।
তিনি বলেন, "আমাদের সহায়তা দরকার। এখানে কিছু বিশেষজ্ঞ পাঠান।"
উত্তরে বিল উইন্টার্স জানান, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশকে আন্তর্জাতিক নেটওয়ার্ক ও গ্লোবাল এক্সপার্টাইজের মাধ্যমে সম্ভাবনার সর্বোচ্চ বিকাশে সহায়তা করবে।
উল্লেখ্য, বিল উইন্টার্স স্ট্যান্ডার্ড চার্টার্ডের বাংলাদেশে ১২০ বছর পূর্তি উদযাপনে ঢাকা সফরে এসেছেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরতে এসসিবির সহযোগিতা চান।
তিনি বলেন, "আমাদের অর্থনীতি ও সংস্কার প্রচেষ্টার ইতিবাচক দিকগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ভূমিকা রাখতে পারে।"
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে বিনিয়োগ পরিবেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে সহায়তা করবে বলে আশ্বাস দেন বিল উইন্টার্স।