জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাতের রাতে নামাজের জন্য লবণ চাষিরা নিজ নিজ ঘরে চলে যায়। এই সুযোগে স্থানীয় নুরুন্নবীর ছেলে কবির আহমদ, দুদুমিয়ার ছেলে এমদাদ, আমির হামজার ছেলে আবুল হোসেন, আবু তাহেরের ছেলে আমান উল্লাহ, শাহ্ আলমের ছেলে আজাদ ও নুরুল আবছারের ছেলে হাফিজের নেতৃত্বে একদল সন্ত্রাসী ১১৭৯ নং খতিয়ানের অন্তর্ভুক্ত বিশাল লবণের মাঠে লুটপাট চালায়। এসময় কয়েকশত মণ লবণ লুট করে নিয়ে যাওয়ার সময় দলবল নিয়ে লবণ চাষিদের ৪শত কানি লবণ মাঠের ২৫ লক্ষাধিক টাকার পলিথিন এবং ফুটন্ত লবণ নষ্ট করে ফেলে। পরে খবর পেয়ে স্থানীয় লবণ চাষিরা আধুনিক পদ্ধতির লবণচাষের পলিথিন ও লবণ রক্ষার জন্য এগিয়ে এলে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।
এ ঘটনায় ভুক্তভোগী চাষি আবদুল মালেক বাদী হয়ে ৩০ জনকে আসামি করে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা পুলিশের একটি টিম। এদিকে মামলা দায়েরের পর ক্ষীপ্ত হয়ে সোমবার ভোর রাতে আবারো হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা। স্থানীয়রা জানায়, হামলাকারী আসামিরা বন মামলা, ইয়াবা মামলাসহ বিভিন্ন মামলার আসামি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের অনুসারী। দুই দফায় সংঘটিত এই ঘটনায় তাজুর ঘোনা, হারুনুর রশিদ চৌধুরী ঘোনা ও খলিলুর রহমান চৌধুরী ঘোনার ৩ শতাধিক লবণ চাষির পলিথিন কেটে তছনছ এবং ফুটন্ত লবণ নষ্ট ও লুট করে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে উপকূলীয় বন বিভাগের সৃজন করা প্যারাবন কেটে ধ্বংস করে স্থানীয় নুরুন্নবীর ছেলে কবির আহমদ, দুদুমিয়ার ছেলে এমদাদ, আমির হামজার ছেলে আবুল হোসেন, আবু তাহেরের ছেলে আমান উল্লাহ, শাহ্ আলমের ছেলে আজাদ ও নুরুল আবছারের ছেলে হাফিজ। এ ঘটনায় বন বিভাগ তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। এছাড়াও লবণ মাঠে তান্ডবলীলা চালানো এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
লবণ চাষি শহীদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে চাষিদের ক্ষয়ক্ষতি ও বন বিভাগের লক্ষাধিক প্যারা গাছ কেটে ফেললেও সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে থাকায় একের পর এক তান্ডবলীলা চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী লবণ চাষি আবদুল মালেক জানান, ‘পবিত্র শবে বরাতের কারণে চাষীরা নিজ নিজ গ্রামে নামাজ পড়তে যায়। এই সুযোগে রাতের আঁধারে আমাদের লবণ মাঠে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে সন্ত্রাসীরা। ৭০ একর লবণ মাঠের পলিথিন কেটে অর্ধ ফুটন্ত লবণ নষ্ট করে ফেলেছে। সাথে কয়েকশত মণের বেশি লবণও নিয়ে গেছেন সন্ত্রাসীরা। এতে আমাদের ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমরা বাঁশখালী কোর্টে মামলা দায়ের করেছি।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।